কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিশোরগ্যাংয়ের শোডাউনের অভিযোগে মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারসহ ১০ জনকে আটক করেছে হাইওয়ে পুলিশ ও বুড়িচং থানা পুলিশ। এ সময় স্থানীয় জনতার সহযোগিতায় তাদের আটক করা হয়।
রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলার মহাসড়কের কালাকচুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় কয়েকজন যুবক গোপনে সমবেত হয়ে ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানা পুলিশ অভিযান পরিচালনা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারে করে একদল কিশোর ও তরুণ মহাসড়কে বেপরোয়া গতিতে চলাচল এবং শোডাউন দিচ্ছিল। এতে মহাসড়কে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের গতিরোধ করে। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১০ জনকে আটক করে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই এবং তারা কোনো কিশোরগ্যাং বা অপরাধী চক্রের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
এ বিষয়ে বুড়িচং থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।







