রাতুল হাছান: কুমিল্লা
কুমিল্লা সদর উপজেলার ২ নম্বর উত্তর দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী নূর আহাম্মদ শরীফের বাড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত থেকে তাঁর প্রতি সমর্থন জানান।
সভায় স্থানীয়রা বলেন, বিএনপির রাজনীতির প্রতি ভালোবাসা ও দলের প্রতি অবিচল আস্থার কারণে গত ১৭ বছরে কাজী নূর আহাম্মদ শরীফকে নানা ধরনের রাজনৈতিক হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়েছে। তাঁদের দাবি, এ সময়ে তিনি পাঁচবার কারাবরণ করেছেন এবং চার থেকে পাঁচবার তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে তিনি আর্থিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যেও দলের প্রতি তাঁর ভালোবাসা ও আনুগত্যে কোনো পরিবর্তন আসেনি।
স্থানীয়রা আরও বলেন, বিগত সময়ে দুইবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্যোগ নিয়েও নানা প্রতিবন্ধকতার কারণে তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি। তাঁরা বিশ্বাস করেন, কাজী নূর আহাম্মদ শরীফ চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের অবহেলিত মানুষের উন্নয়ন, রাস্তাঘাট ও ড্রেনেজ সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পাশাপাশি মাদক, ইভটিজিং ও কিশোর অপরাধ প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেবেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।
সভায় কাজী নূর আহাম্মদ শরীফ বলেন, ‘আমি আপনাদের সন্তান, আপনাদেরই মানুষ। গত ১৭ বছরে আমার ওপর কী ধরনের অত্যাচার ও নির্যাতন হয়েছে, তা আপনারা নিজেরাই দেখেছেন। বিএনপিকে ভালোবাসি বলেই শত নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও দল ছেড়ে কোথাও যাইনি। আওয়ামী লীগ আমলে নানা বাধা, বাড়িতে হামলা, লুটপাট ও মিথ্যা মামলার শিকার হয়ে কারাবরণ করতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় রয়েছে। আমি বিশ্বাস করি, আগামী দিনে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় মনোনয়ন পেলে আমি নির্বাচনে অংশ নিতে চাই। আপনারা পাশে থাকলে নির্বাচনীপ্র প্রচার-প্রচারণা চালিয়ে যাব। আমি নির্বাচিত হলে ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকব। অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।’
ইউনিয়নের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, গত দুই বছর ধরে বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ স্থবির হয়ে আছে। অনেক এলাকায় ড্রেনেজ ব্যবস্থা নেই, রাস্তাঘাটের বেহাল অবস্থা। নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের বরাদ্দের প্রতিটি টাকা জনকল্যাণ ও এলাকার উন্নয়নে ব্যয় করা হবে। কোনো অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করা হবে না। প্রয়োজনে নিজের উপার্জন থেকেও উন্নয়ন ও অসহায় মানুষের সহযোগিতায় অর্থ ব্যয় করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে কাজী নূর আহাম্মদ শরীফের প্রতি সমর্থন জানান এবং আগামী দিনগুলোতে তাঁর নির্বাচনী প্রচার-প্রচারণায় সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তাঁরা আসন্ন নির্বাচনে তাঁর বিজয়ের আশাবাদ প্রকাশ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।







