চুনারুঘাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ হারুন মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।।

উৎসবমুখর পরিবেশ, উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে হবিগঞ্জের চুনারুঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পৌরশহর।

উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল মিয়া মহলদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব শফিকির রহমান সেতু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু নাঈম হালিম, আমিনুল ইসলাম সুজনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে যুবদল সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার যেকোনো আন্দোলন-সংগ্রামে যুবদলের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি চুনারুঘাট পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।