প্রতিদিন মৃত্যুর ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে অসংখ্য স্কুল-কলেজ-মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী, ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন।

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, যেখানে প্রতিদিন হাজারো যানবাহনের গর্জন। আর সেই সড়কই হয়ে উঠেছে শিক্ষার্থীদের জন্য ‘মৃত্যুর সিঁড়ি’। নিরাপদ পারাপারের দাবিতে এবার রাস্তায় নেমেছেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। একটাই দাবি—নিশ্চিন্তপুরে দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণ।

ঘটনাটি কুমিল্লা আদর্শ সদর উপজেলা-এর নিশ্চিন্তপুর (নামার বাজার) এলাকায়। সোমবার দুপুরে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা।

স্থানীয়দের দাবি, এই গুরুত্বপূর্ণ এলাকায় রয়েছে কুমিল্লা সেনানিবাস, পাশাপাশি মাত্র ১শ গজের মধ্যে ১০-১২টি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার করছেন।

সড়কের দুই পাশে গড়ে উঠেছে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকা—যার ফলে মানুষের চলাচল আরও বেড়েছে।

কুমিল্লা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহম্মেদ বলেন,
“এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ সড়ক পার হয়। দ্রুতগতির যানবাহনের কারণে দুর্ঘটনার ঝুঁকি ভয়াবহ। একটি ফুটওভার ব্রিজ এখন সময়ের দাবি।”
অন্যদিকে, আসলাম খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফেরদৌসী আক্তার বিথী বলেন,
“আমাদের শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়। আমরা আর কোনো দুর্ঘটনা দেখতে চাই না—দ্রুত সমাধান চাই।”

মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক ও স্থানীয়রা জানান, অতীতে এই এলাকায় একাধিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। তবুও স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ চোখে পড়েনি।

এই কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী জাকির হোসেন, সাজ্জাদ সাজু, কামরুল হাসান, নুরুল হক, কাজী মাসুম সহ পাঠশালা কলেজ, কুমিল্লা পাবলিক স্কুল এন্ড কলেজ, আসলাম খান স্কুল এন্ড কলেজ, গ্রীন বার্ড স্কুল এন্ড কলেজ, মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী সহ মাদ্রাসা শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এলাকাবাসীর একটাই আহ্বান—“আর নয় ঝুঁকি, চাই নিরাপদ পারাপার।”