পূর্ব পরিহলপাড়ায় বিবাহিত-অবিবাহিত ফুটবল ম্যাচ, ১ গোলে জয়ী বিবাহিত দল

মারুফ আহমেদ, কুমিল্লা

কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের পূর্ব পরিহলপাড়া যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচ—‘বিবাহিত বনাম অবিবাহিত’। জমজমাট এ খেলায় ১-০ গোলে জয় পেয়েছে বিবাহিত দল।

শুক্রবার বিকেলে পূর্ব পরিহলপাড়া কবরস্থান মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা উপভোগ করতে মাঠের চারপাশে জড়ো হন সহস্রাধিক দর্শক।
প্রীতি ফুটবল ম্যাচটির আয়োজনে ছিল এমটিএল (মাই টপ-আপ টাইম), সংযুক্ত আরব আমিরাত। খেলার সৌজন্যে ছিলেন পূর্ব পরিহলপাড়ার সন্তান ও এমটিএলের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার মো. শরীফুল ইসলাম এবং তাঁর ভাই হাবিবুর রহমান ও শামসুল হক।
নির্ধারিত ৮০ মিনিটের খেলায় উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠ মাতিয়ে রাখে। ৪০ মিনিট করে দুই অর্ধে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে একটি গোল করে এগিয়ে যায় বিবাহিত দল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে বিজয়ী হয় তারা।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আরিফুর রহমান। সুশৃঙ্খলভাবে পুরো আয়োজন পরিচালনায় ছিলেন সমাজসেবক বিল্লাল হোসেন, শাহীন, মিঠু, আলমগীর হোসেন, আলমগীর (উত্তর বাড়ি), কাউছার, সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খেলা শেষে বিজয়ী বিবাহিত দলের হাতে পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল তুলে দেওয়া হয়। আর পরাজিত অবিবাহিত দলকে উৎসাহ দিতে পুরস্কার হিসেবে দেওয়া হয় দুটি খাসি।

আয়োজক শরিফুল ইসলাম আয়োজকরা বলেন, প্রতিযোগিতার পাশাপাশি এলাকার তরুণদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও খেলাধুলার চর্চা বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এমন ব্যতিক্রমী আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।