স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচংয়ে পূর্ববিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ১০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী মো. জাকির হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযুক্তরা হলেন বাকশিমুল গ্রামের মো. জহিরুল ইসলাম, বাবুল হোসেন, আবুল হোসেন, নজরুল ইসলাম, মোশারফ হোসেন, তরিকুল ইসলাম, এয়াসিন, আব্দুল জলিল, আলামিন ও মো. রনি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাকশিমুল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোহাম্মদ জাকির হোসেনের সঙ্গে একই গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে জহিরুল ইসলাম, বাবুল, আবুল হোসেন, নজরুল ইসলাম, মোশারফসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে পূর্ববিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৯ আগস্ট রাতে ১৫ থেকে ২০ জনের একটি দল জাকির হোসেনের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে ঘরবাড়ি ও আসবাবপত্রে ব্যাপক ভাঙচুর চালায়। একপর্যায়ে বাড়িতে থাকা নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন বাদী।
হামলার সময় জাকির হোসেনের মা জোহরা বেগম বাধা দিতে গেলে হামলাকারীদের হাতে তিনি আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী পরিবারের সদস্য মোহাম্মদ কবির হোসেন অভিযোগ করেন, ওয়ার্ড যুবদলের সভাপতি জহিরুল ইসলাম রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার ভাই জাকির হোসেনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। হামলার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন।
তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা ভাঙচুর করা বাড়িঘর ও মালামাল লুটপাট করে দখলে নিয়ে গেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তিনি।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”






