লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ করুক: নুরুল ইসলাম সাদ্দাম।
বুড়িচংয়ে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত
মুহাম্মদ রকিবুল হাসান রনি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, এটি সরকারের দায়িত্ব। সরকার যদি ব্যর্থ হয়, তাহলে তা স্বীকার করুক। তারা যদি দায়িত্ব পালন করতে না পারে, তাহলে পদত্যাগ করুক।”
তিনি আরও বলেন, “সরকারে থেকে তারা ঘুরে বেড়াবে, প্রশাসনকে নিবৃত্ত রাখবে, আর আমরা গিয়ে তাদের সঙ্গে মারামারি করব এবং ফৌজদারি আইনে অপরাধ করব—এটা তো ঠিক নয়। সংবিধানও তা বলে না। সংবিধান আইন নিজের হাতে তুলে নিতে নিষেধ করেছে। সাংবিধানিকভাবে এ দায়িত্ব সরকারের। সরকার যদি ব্যর্থ হয় এবং সংসদে বিরোধী দলকে সহযোগিতার আহ্বান জানায়, তখন নাগরিক হিসেবে সরকারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব হবে।”
২০ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় কুমিল্লা জেলা উত্তর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বুড়িচং উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে নিমসার জুনাব আলী কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বুড়িচং উপজেলা দক্ষিণ শাখার সভাপতি যোবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আবদুল মতিন ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি সাকিল আহমেদ।
এ ছাড়া বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল আলম, বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. অহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবদুল আউয়াল ও ইঞ্জিনিয়ার আবদুল মুনতাকিম।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না। জ্ঞান, নৈতিকতা, দক্ষতা ও নেতৃত্বের সমন্বয়ে নিজেদের যোগ্য, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষাজীবন থেকেই সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে নিজেদের মেধা ও যোগ্যতার বিকাশ ঘটাতে হবে।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং নিমসার জুনাব আলী কলেজের একাদশ শ্রেণির বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।






