বিশেষ প্রতিনিধি: ঢাকা
সারাদেশের মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত অধিকার, মর্যাদা, অধিক্ষেত্রের সুরক্ষা ও দীর্ঘদিন ধরে চলা নানা পেশাগত অনিশ্চয়তা দূর করার দাবিতে ৬ দফা দাবি জানিয়েছেন কাজীরা। আজ ১১ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি’র উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বরাবর ৬ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কাজী বা নিকাহ রেজিস্ট্রারগণ দীর্ঘদিন ধরে সততা ও দক্ষতার সঙ্গে বিবাহ ও তালাক নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয়, সামাজিক ও আইনগত দায়িত্ব পালন করে আসছেন। তবে অহেতুক অধিক্ষেত্র কর্তন, শূন্য পদে স্থায়ী নিয়োগ না দেওয়া, বয়সসীমা সংক্রান্ত অনিশ্চয়তা এবং ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে নানা হয়রানির কারণে দেশের কাজী সমাজ আজ চরম পেশাগত সংকটে পড়েছেন।
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির নির্বাহী সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া এবং সভাপতি প্রিন্সিপাল কাজী মাওঃ নজরুল ইসলাম তালুকদার এর নেতৃত্বে মানববন্ধনে সংগঠনটির কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার প্রতিনিধিরা অংশ নেন।
স্মারকলিপিতে উত্থাপিত ৬ দফা দাবিগুলো হলো:
১. অধিক্ষেত্র সুরক্ষা: নিকাহ রেজিস্ট্রারদের বিদ্যমান অধিক্ষেত্র সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং অযৌক্তিকভাবে কোনো অধিক্ষেত্র কর্তন করা যাবে না।
২. শূন্য পদে স্থায়ী নিয়োগ: দীর্ঘদিন শূন্য থাকা কাজী পদগুলোতে বিধিমোতাবেক অবিলম্বে স্থায়ী নিয়োগের ব্যবস্থা করতে হবে, যাতে জনগণ ভোগান্তি থেকে রক্ষা পায়।
৩. যোগ্য সন্তানকে সরাসরি নিয়োগ: নিকাহ রেজিস্ট্রারের মৃত্যু বা অবসরের কারণে সৃষ্ট শূন্য পদে বিধি অনুযায়ী যোগ্যতা পূরণ সাপেক্ষে তাঁর যোগ্য সন্তানকে সরাসরি নিয়োগ দিতে হবে।
৪. শিক্ষকতা পেশায় নিয়োজিতদের নিয়োগ বহাল: বিধি মোতাবেক কাজী পদে দায়িত্বরত শিক্ষকদের বৈধ নিয়োগ বাতিল করা যাবে না।
৫. বয়সসীমা ও আইনি সুরক্ষা: নিকাহ রেজিস্ট্রারদের বয়সসীমা ৭৫ (পঁচাত্তর) বছর পর্যন্ত বৃদ্ধি করতে হবে এবং কাজী বা নিকাহ রেজিস্ট্রারদের ওপর মোবাইল কোর্টের বিধান বাতিল করতে হবে।
৬. শিক্ষাগত যোগ্যতা কামিল পাস: বিবাহ ও তালাক নিবন্ধনের ধর্মীয় ও আইনগত গুরুত্ব বিবেচনায় নিকাহ রেজিস্ট্রার পদে নিয়োগের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ‘কামিল পাস’ নির্ধারণ করতে হবে।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ জানান, এসব দাবি কোনো ব্যক্তি স্বার্থের নয়; বরং নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত সুরক্ষা ও সাধারণ জনগণের বিবাহ-তালাক নিবন্ধনের আইনি সেবা সুশৃঙ্খল রাখার স্বার্থেই সরকার ও আইন মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন তারা।









