মারুফ হোসেন, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ঐতিহ্যবাহী পালটি রাজাপুর ও পূর্ব খোদাইধূলী কেন্দ্রীয় কবরস্থানে Humanity-মানবতার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, নির্মল ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিতে অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ বলেন, “বৃক্ষ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষের কোনো বিকল্প নেই। তাই শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “Humanity-মানবতা একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। মানবতার কল্যাণে কাজ করা, মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজ ও পরিবেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখাই এ সংগঠনের মূল লক্ষ্য।”
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান বাবুল মাস্টার, সমাজসেবক স্বপন কুমার শাহা, ফয়েজ আহমেদ, জামাল হোসাইন, ধনু মিয়া, আবদুল হালিম, আবদুল হান্নান, মিজানুর রহমান, নাবালক, আবদুল খালেক, মনু সরদার, এনামুল, পারভেজ, শাওন, দুলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবী সংগঠনের সদস্যরা।
বৃক্ষরোপণ শেষে বক্তব্য রাখেন হাবিবুর রহমান বাবুল মাস্টার ও সমাজসেবক স্বপন কুমার শাহা। বক্তারা বলেন, পৃথিবীতে নিঃস্বার্থ, প্রকৃত ও উপকারী বন্ধু হলো বৃক্ষ। বৃক্ষের ছায়াতলেই মানবসভ্যতার বিকাশ ঘটেছে। মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হ্রাস, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নৈসর্গিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষের গুরুত্ব অপরিসীম।
তারা বলেন, পরিবেশ দূষণ রোধ ও বৈশ্বিক উষ্ণতা কমাতে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক নাগরিককে বেশি করে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
কর্মসূচির শুরুতে কবরস্থানে শায়িত মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পালটি রাজাপুর জামে মসজিদের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন।
আয়োজকরা জানান, মানবকল্যাণের পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের ধারাবাহিক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখবে Humanity-মানবতা।







